গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক তৌফিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বুধবার এক ভিডিওবার্তায় শফিকুর রহমান দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এরই মধ্যে আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।
তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’
শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত নিতে যত বিলম্ব হবে, এ খাতের ক্ষতি তত বাড়বে।
এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে উল্লেখ করে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি।’
কারখানার মালিকদের শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
সরকারকে আর বিলম্ব না করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন শফিকুর রহমান। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


