মানিকগঞ্জের সিংগাইরে সরকারি সড়কের পাশের ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকায় কেনার পর কাটার অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায় গত দুই দিন ধরে গাছগুলো কাটা হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকালে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে ১০টি বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বাকি ৪১টি গাছ কাটার প্রস্তুতি চলছে।
গাছ কাটার সঙ্গে জড়িত চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহাসিন খান রিপন জানান, ওই এলাকার মৃত হান্নানের ছেলে প্রবাসী সালামের কাছ থেকে ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকায় কিনেছেন তিনি। সালাম দেশের বাইরে থাকায় তার বোন কুলসুম গাছ বিক্রির পুরো টাকা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে গাছ কাটা নিয়ে স্থানীয় সিদ্দিক শেখের সঙ্গে বিরোধ দেখা দেয়। পরে বিষয়টি মীমাংসা হলে গাছ কাটা শুরু হয়।
এদিকে গাছগুলো সরকারি সম্পত্তি দাবি করে স্থানীয় ভূমি অফিস থেকে কর্তনে বাধা দেওয়া হয়েছে। কেটে রাখা গাছগুলো আটকও করা হয়েছে বলে জানিয়েছে ভূমি অফিস। তবে এরপরও গাছ কাটা বন্ধ হয়নি।
মহাসিন খান রিপনের দাবি, যারা গাছগুলো লাগিয়েছেন, তাদের কাছ থেকেই তিনি কিনেছেন।
চান্দহর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে বাধা দেওয়া হয়েছে। কেটে রাখা গাছগুলো আটক করা হয়েছে।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, গাছ কাটতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


