ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার গ্রহণ করবেন।
সাক্ষাৎকার কার্যক্রমটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকাল তিনটা থেকে এই প্রক্রিয়া চলবে।
বিভাগভিত্তিক সাক্ষাৎকারের সূচিতে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা বোর্ডে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিন দিনব্যাপী বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এতে এক হাজারের বেশি নারী প্রার্থী ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জামানত হিসেবে প্রত্যেক প্রার্থীকে আরও ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে।


