জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) বলে কিছু থাকবে না।
তিনি বলেন, ‘এই সনদ ঐকমত্যের ভিত্তিতে তৈরি এবং এর বাস্তবায়ন শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার ওপর নির্ভর করবে।’
শুক্রবার দুপুরে ঢাকার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদ ও সাংবিধানিক সংস্কার পরিষদে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ—যুব, শিক্ষক, গবেষক, নারী, সংখ্যালঘু ও পেশাজীবীদের—প্রতিনিধিত্ব থাকবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে অবশ্যই একটি গণভোট হতে হবে, যেখানে জনগণের রায় প্রতিফলিত হবে।’ পাশাপাশি জুলাই সনদ আদেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়ার কথা বলেন তিনি।
শিগগিরই জাতীয় নির্বাচনের দিকে এগোনোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি কাঠামোর মধ্য দিয়ে আমরা নির্বাচনের পথে এগোতে চাই। গণঅভ্যুত্থানের চেতনা নিয়েই বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে।’
আগামী সংসদে জুলাই অভ্যুত্থানের সব অংশীজনের প্রতিনিধিত্ব থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সেই সংসদই সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে।
‘নতুন সংসদ নতুন সংবিধান প্রণয়নের কাজ করবে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় মূল ভূমিকা রাখতে হবে শিক্ষকদের এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেবে এনসিপি।’


