আদালতের নির্দেশ পালন না করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালককে (ডিজি) তলব করেছে হাইকোর্ট।
পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত সংক্রান্ত রায় কার্যকর না করায় বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়।
বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ মে তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতে আবেদনকারী আইনজীবী শাহজাদা সাংবাদিকদের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে শাহজাদাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করার নির্দেশ দেন। বিবাদীরা ২০২৪ সালের ২৫ মার্চ এই রায়ের অনুলিপি গ্রহণ করলেও তা কার্যকর করেননি।
এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করা হলে আদালত রুল জারি করেন। সেই রুলের শুনানিতে আজ তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে তলব করা হলো।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।


