সম্প্রতি একটি অজ্ঞাতনামা ইমেইলের মাধ্যমে কিছু পাইলটের লাইসেন্সিং সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনার জন্য ২৮ জানুয়ারি একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
একই সঙ্গে পাইলট লাইসেন্সিং সংক্রান্ত বিষয় নিয়ে যাচাইবিহীন বা অনুমানভিত্তিক সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগের বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করছে।
তবে দুঃখজনকভাবে কিছু গণমাধ্যম যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সংবাদ প্রকাশ বা প্রচারের চেষ্টা করছে বলে উল্লেখ করেছে বিমান।
প্রতিষ্ঠানটির মতে, এ ধরনের অনুমাননির্ভর সংবাদ জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিমান চলাচল খাতের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, তারা সর্বদা সর্বোচ্চ নিরাপত্তা মান, পেশাগত দক্ষতা এবং নিয়ন্ত্রক বিধি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সিএএবি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।
এ প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে, পাইলট লাইসেন্সিং সংক্রান্ত বিষয় নিয়ে যাচাইবিহীন বা অনুমানভিত্তিক সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে। কারণ, পাইলট লাইসেন্সিং ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক বিষয়সমূহ সম্পূর্ণভাবে সিএএবির এখতিয়ারভুক্ত এবং এ বিষয়ে যেকোনো আনুষ্ঠানিক তথ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাংলাদেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, পেশাগত মান এবং আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


