গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে টেলিভিশন নাটকের আলোচিত তিন অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরের নাম উঠে আসে শিরোনামে। সংগীতশিল্পী সুনিধি নায়েকের নামও আলোচনায় আসে তখন। অভিযোগ ছিল, তারা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দীর্ঘ সময় আড়ালে চলে যান তিনি।
সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নেন সাফা কবির। সেখানেই প্রথমবারের মতো এ অভিযোগ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন তিনি। সাফার ভাষায়, ‘নিউজটি দেখার পর আমি পুরোপুরি শকড হয়ে যাই। ভেবেছিলাম, কী হচ্ছে এগুলো! অথচ এরপর আর কোনো আপডেট কেউ দেয়নি। অথচ আমার ক্যারিয়ারে বিশাল ক্ষতি হয়ে গেল। তিন–চারজন মিডিয়ার মেয়েকে নিয়ে এমন খবর করল, একবারও ভেবে দেখল না আমাদের জীবনের কী হবে?’
সাফার মতে, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যেমন অন্যায়, তেমনি না জেনে সামাজিক মাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়াও বিপজ্জনক। তিনি বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু শেয়ার করি, কিন্তু সেটা মানুষের জীবন ও সমাজে কী প্রভাব ফেলতে পারে, তা ভাবি না। আমাদের পরিবার আছে, কর্মজীবন আছে—এসব কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে অনেকেই ভালো চোখে দেখে না। এ ধরনের খবরের কারণে অনেক অভিভাবকের মনে হয় তাদের সন্তানেরা এখানে নিরাপদ নয়, তাই কাজ করতে দেওয়া উচিত নয়। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে অন্তত দুবার ভাবা উচিত।’
এ ভুয়া খবরে সাফার পেশাজীবনও ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হয়, আর রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে আমার চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ব্র্যান্ড চুক্তি বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এ খবরের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু কীভাবে প্রমাণ করব! আমার সিনিয়র শিল্পীরাও বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিলেন না। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় তখন ঝড় বইছে।’
তবে এ কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন শোবিজের কিছু ঘনিষ্ঠ বন্ধু। তাদের সহায়তায়ই পরিস্থিতি সামলাতে পেরেছেন সাফা। তিনি বলেন, ‘তৌসিফ মাহবুব তখন বলেছিল, সে আমার সঙ্গে কাজ করবে। জোভানও অনেক সহযোগিতা করেছে। সিয়ামও মানসিকভাবে পাশে ছিল। আমার এসব বন্ধুরা সত্যিই অসাধারণ। অনেকেই বলেন, মিডিয়ার মানুষের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হয় না। কিন্তু আমি এখানে এসে খুব ভালো বন্ধুই পেয়েছি।’


