টাঙ্গাইলে ছয় মাসের শিশু ছেলেকে কোলে নিয়ে সখীপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২০) নামের এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মা প্রাণ হারালেও সঙ্গে থাকা শিশুটির কিছু হয়নি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছয় মাসের সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরে যাচ্ছিলেন ইমু আক্তার। গাড়িটি শোলাপ্রতিমা এলাকায় পৌঁছালে ইমু থুথু ফেলার জন্য সিএনজি থেকে মাথা বাইরে বাড়ান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


