সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, দমদমা সীমান্তের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে রাজনটিলা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়েন।
এতে ঘটনাস্থলে প্রাণ হারান আশিক। পরে তার সঙ্গীরা তার মরদেহ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিয়ে আসে।
অন্যদিকে একই এলাকায় আলাদাভাবে খাসিয়াদের গুলিতে আহত হন মোশাইদ নামে আরও এক যুবক।
গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে দেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ‘সীমান্তের ভারতীয় অংশের দেড় কিলোমিটার ভেতরে খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি চুরির সময় খাসিয়ারা গুলি ছোড়ে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


