শাহরীন আক্তার সুমি ‘বরবাদ’-এর পর ‘রাক্ষস’ প্রযোজনা করছেন। শাকিব খানের পর তার এ ছবির নায়ক সিয়াম আহমেদ। ছবিটির ফার্স্ট লুক প্রকাশনা অনুষ্ঠানে তার করা এক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তিনি নাকি দাবি করেছিলেন—শুধু শাকিব খান থাকলেই সিনেমা হিট হয় না। মন্তব্যটিকে ঘিরে ভক্তদের দাবি, শাকিবকে ছোট করার উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেছেন। তবে টাইমস অব বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় সুমি বলছেন, এ কথা ঠিক নয়।
সুমি বলেন, আমাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল, “শাকিব খান থাকলেই কি সিনেমা হিট হয়, তাই আপনি ‘বরবাদ’ বানিয়েছেন?”—তার উত্তর আমি বলেছিলাম, ‘বরবাদ’ করার সময় এ কারনে তাকে নেইনি যে তাকে নিলেই সিনেমা হিট হবে বা এ নিশ্চয়তা থেকে নেইনি।
‘আমি শাকিব খানকে নিয়েছিলাম গল্পের চরিত্রের জন্য, এবং আমার মনে হয়, সেই চরিত্রকে অন্য কেউ ঠিকভাবে করতে পারত না। শাকিব খানের প্রতিটি সিনেমায় তিনি সর্বোচ্চ পারফরম্যান্স দেন। যদি প্রোডাকশন টিম সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সেটা সিনেমার ফলাফলের উপর প্রভাব ফেলে।’
তিনি ‘দরদ’-এ শাকিব দুর্দান্ত অভিনয় করার পরও ছবিটির ব্যর্থতার প্রসঙ্গে টেনে বলেন, ‘সিনেমার সাফল্য বা ব্যর্থতা কোনো একক তারকার উপর চাপানো অন্যায়—এটা নির্ভর করে গল্প, মেকিং, প্রেজেন্টেশন আর টিমওয়ার্কের উপর।’ তার ভাষায়, “শাকিব খান ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রি একা টেনে নিয়েছেন। তাকে নিচু করার প্রশ্নই আসে না।”
‘আমি কখনো শাকিব খানকে নিচু করে কিছু বলিনি এবং বলবও না। উনি যে উচ্চতায় পৌঁছেছেন, সেটা একদিনে হয়নি’, যুক্ত করেন সুমি।
বলা হচ্ছে, ‘রাক্ষস’-এ সিয়ামকে নেওয়ার কারণে এ সমালোচনার শিকার হচ্ছেন সুমি। তবে এটিকে নাকচ করে দিয়েছেন তিনি। ‘আমাদের এ গল্প শাকিবের জন্য না। তাকে নিয়ে আরও বড় স্কেলে, বড় বাজেটে ছবি বানাতে হবে। এটি তাকে কখনই শুনানোই হয়নি। এছাড়া তার আগামী দুটি ঈদ অন্য দুই ছবির জন্য দেওয়া। সেক্ষেত্রে আমাদের ছবি বানাতে তো অন্য নায়কদের লাগবে,’ বলেন সুমি।
এ নবীন প্রযোজক জানান, বিষয়টি তার জন্য বেশ বিব্রতকর। কারণ রাক্ষসের পরে তার পরবর্তী ছবির নায়ক শাকিব খান। তিনি জানান, এ শীর্ষনায়কের সঙ্গে তার নিয়মিত আলাপ হয় নতুন ছবিটি নিয়ে। আগামী ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল আযহার পরে শুটিং করার ইচ্ছে তাদের।


