গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন ‘পথের প্যাঁচাল’। চরকি ফ্ল্যাশ ফিকশন হিসেবে এটি মুক্তি পেতে যাচ্ছে ৬ মে রাত ১২টায় (৭ মে)। অভিনয় করেছেন ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। ২৯ এপ্রিল সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশনটির পোস্টার।
‘পথের প্যাঁচাল’ নাম শুনলেই মনে আসে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ এর কথা। গল্পে বা ভাবনায় কোনো অনুপ্রেরণা আছে কি? নির্মাতা নিশ্চিত করেছেন, শব্দ দুটি শুধু শুনতেই কাছাকাছি। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের গল্প।
তাহলে প্রেক্ষাপটটা কী? জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম জানান, বায়েজিদ একজন অটো রিকশাচালক, যার প্রতিদিনের জীবন রিকশার প্যাডেলে ঘুরে চলে। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যান উমা। তিনি একজন নবীন উপন্যাসিক, নিজের প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টা করছে সে। এমন দুই ভিন্ন প্রেক্ষাপটের চরিত্রের মাধ্যমে এগিয়ে যাবে গল্প। ভিন্ন সামাজিক অবস্থানের এই দুই মানুষের মধ্যকার আন্তঃসম্পর্ক ও কথোপকথনই ‘পথের প্যাঁচাল’-এর মূল উপজীব্য।
গল্পের ধারণা দিয়ে ইয়াশ রোহান বলেন, ‘এটা একটা ট্যালেন্টের গল্প। ট্যালেন্ট এমন একটা জিনিস, এটা কখন কোথায় কীভাবে থাকবে তা কেউ জানে না। এই গল্পটাও তেমন, যেখানে কেউ আসলে ট্যালেন্টটা প্রত্যাশা করে না, সেখানেই এটা পাওয়া যায়।’ আর অটোরিকশা চালানোর অভিজ্ঞতা? ‘এটা অন্যরকম অভিজ্ঞতা। পরে কখনও বলব।’ বলেন ইয়াশ।
‘পথের প্যাঁচাল’– এ বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর বহ্নি হাসান অভিনয় করেছেন উমা চরিত্রে। বহ্নি হাসান নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘উমা চরিত্রটি স্ট্রং পার্সোনালিটির একজন স্বাবলম্বী নারী। স্বাভাবিকভাবেই চরিত্রটির উল্টোদিকে অনেক মানুষকে দেখা যায়। এক পর্যায়ে বায়েজিদ–ও আসে। অন্য সব চরিত্রগুলোর সঙ্গে স্ট্রাগল করলেও বায়েজিদ চরিত্রটি উমাকে অন্য একটা ভাবনায় নিয়ে যায়। একটা হিউম্যান কানেকশন তৈরি হয় বায়েজিদ–উমার মধ্যে। এটা ঠিক প্রেম না, আবার কোনাকিছুই তো প্রেমের বাইরে না।’
শিপ্রা দেবনাথ (Shipra Debnath)–এর গল্পে ‘পথের প্যাঁচাল’–এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।
এর আগে চরকি ফ্ল্যাশ ফিকশন হিসেবে ‘খুব কাছেরই কেউ’, ‘গ্যারাকল’, ‘অন্ধ বালক’, ‘পারফেক্ট ওয়াইফ’, ‘থার্সডে নাইট’ এবং ‘টিফিন বক্স’ মুক্তি পেয়েছে।


