দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ২৩৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪৯ এবং সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে দুইজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যেখানে নিশ্চিত শনাক্তের সংখ্যা ৬২ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ১৭১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৭৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৩১ জনে। আর ৫ হাজার ২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
এই সময়ের মধ্যে হাসপাতালগুলোতে ২৫ হাজার ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৫৬ জন।
বিভাগীয় পর্যালোচনায় দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৬ জন সন্দেহজনক এবং ৩২ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৭০ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।
হাম প্রতিরোধে চলমান ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬’-এর আওতায় গত ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত সারা দেশে ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯০৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। সিটি করপোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে লক্ষ্যমাত্রার সর্বোচ্চ ১৬৩ শতাংশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১১১ শতাংশ কাভারেজ অর্জিত হয়েছে। তবে সিলেট সিটি করপোরেশনে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ৭৪ শতাংশ অর্জিত হয়েছে।


