চট্টগ্রামে আলাদা অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
বৃহস্পতিবার সিএমপির উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. হাসান (২৮), নূর উদ্দীন সোহেল (৩০), তাপস পালিত (৫১) ও দীপক কান্তি দে (৫৮)।
উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কোমর থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ২টার দিকে হাটহাজারীর একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় শটগান, একটি একনলা বন্দুক, ২০টি তাজা কার্তুজ, শটগানের ব্যারেল, রিকয়েলিং স্প্রিং ও আরও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
একই দিন বায়েজিদ বোস্তামী থানার আরেক অভিযানে লিংক রোড এলাকা থেকে নূর উদ্দীন সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৮টি পিস্তলের গুলি ও দুটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাপস ও দীপক কান্তি দে নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও একটি বিদেশি পিস্তল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচা ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


