প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন করেন।
এসময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাবির কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে ‘সার্চ ফর ফিউচার সায়েন্টিস্টস সায়েন্স ফেয়ার ২০২৬’ এর উদ্বোধন করেন।
বিজ্ঞানচর্চা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করা এবং পরিবেশ রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এ সময় তিনি ‘গ্রিন ভলান্টিয়ারিজম’, ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ’ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবামূলক কাজে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
তিনি বলেন, চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের নানা সমস্যার সমাধান সম্ভব। নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে মানুষের কষ্ট লাঘব এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান।


