সাধারণ মানুষের সঙ্গে মিশেই চলতে চান ভূমিমন্ত্রী

সাধারণ মানুষের সঙ্গে মিশেই চলতে চান ভূমিমন্ত্রী
মো. মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সম্প্রতি সরকারের ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ সব প্রতিবেদনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর নামও তালিকাভুক্ত থাকলেও, বাস্তবে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কখনোই পুলিশ এসকর্ট সুবিধা ব্যবহার করেননি বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

মন্ত্রণালয় সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই ভূমিমন্ত্রী কেবল একজন গানম্যান সঙ্গে নিয়ে সরকারি ও ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেন।

পুলিশের এসকর্ট বহর, পাইলট গাড়ি বা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কোনো সুবিধা তিনি কখনো নেননি। ফলে এসকর্ট প্রত্যাহারের তালিকায় তার নাম থাকলেও বাস্তবে এ সিদ্ধান্তে তার চলাচল বা নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন

এ বিষয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি সাদামাটাভাবে চলতে পছন্দ করি। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তাই এ ধরনের (এসকর্ট) বিষয়গুলো কখনো প্রয়োজন মনে করি না। লক্ষ্য করলে দেখবেন, আমি যখন রাজশাহীতে যাই, তখন অনেক সময় রিকশায়ও চলাফেরা করি। এসকর্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে চলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

মন্ত্রী আরও জানান, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের কাছাকাছি থাকাকেই তিনি গুরুত্ব দেন। তার মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে তাদের সমস্যা, প্রত্যাশা ও বাস্তবতা আরও ভালোভাবে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসকর্ট প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তটি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হলেও ভূমিমন্ত্রীর ক্ষেত্রে এটি মূলত আনুষ্ঠানিক বিষয়। কারণ, তিনি শুরু থেকেই এসকর্টবিহীন চলাফেরার নীতি অনুসরণ করে আসছেন। তার ব্যক্তিগত পছন্দও হচ্ছে অতি সাধারণ জীবনযাপন এবং অপ্রয়োজনীয় প্রটোকল এড়িয়ে চলা।

প্রসঙ্গত, সরকার সম্প্রতি ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad