মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারস্পরিক কথাবার্তায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খালিলুর রহমান।
তিনি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য সমাজকে বিভক্ত করে, মানুষকে অমানবিক করে তোলে এবং সহিংসতা উসকে দেয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ ও সহনশীলতা উন্নয়নবিষয়ক বৈশ্বিক সম্মেলনে’ এ কথা বলেন।
খালিলুর রহমান সংলাপ, শিক্ষা ও গণমাধ্যম সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নতুন প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে সরকার, প্রযুক্তি কোম্পানি ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন অনলাইন প্ল্যাটফর্মে এর বিষাক্ত বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে।
গুতেরেস বলেন, বিদ্বেষমূলক বক্তব্য শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে। এটি বিভাজন, সহিংসতা, গণহত্যা ও অন্যান্য নৃশংস অপরাধকে উসকে দিচ্ছে। তিনি বলেন, ‘এর বিষাক্ত বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং গভীরভাবে প্রভাব ফেলছে।’


