পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রশাসনিক সুবিধা দেবে, তবে শিল্পের নেতৃত্ব, বিপণন ও ব্র্যান্ডিংয়ে বেসরকারি খাতকে মূল ভূমিকা নিতে হবে।
পর্যটন খাতকে বিচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি সুস্পষ্ট পরিকল্পনা ও বিনিয়োগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি বন্ধন জোরদারের তাগিদ দেন।
দেশের ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক অর্জন ও সুযোগ-সুবিধা প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান হেলাল।
পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান।
এ ছাড়া বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা ও ইমিগ্রেশন সেবার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতকরণ এবং ভূমি অধিগ্রহণসহ প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
হেলাল উদ্দিন বলেন, ‘পর্যটন শিল্পকে আমরা বাংলাদেশে খুব আন্ডাররেট করি। অথচ পৃথিবীর অনেক দেশ শুধু পর্যটন শিল্পের ওপর নির্ভর করে অর্থনীতি পরিচালনা করছে। আমাদের মূল সমস্যা হচ্ছে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি।’


