রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান দুপুরে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন আব্দুর রহমান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন।
বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকাল সোয়া ৩টার দিকে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রহমানের গ্রামের বাড়ি নওগাঁয়। তার বাবার নাম আব্দুর রকিব। বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডে থাকতেন তিনি।
চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।’


