দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার উলিপুর গ্রামের পাশে নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে। পরে কোতোয়ালি থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিমনের চার সহপাঠীকে আটক করা হয়েছে। তারা হলো, রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে লিমনের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তার চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


