জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক ইজিবাইকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, গত সোমবার রাত ১১টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। ওই রাতেই ২টার দিকে মাদারগঞ্জ-মাহমুদপুর সড়কের আমলিতলা এলাকায় তার খালি ইজিবাইকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে জহুরুলের ছেলে মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এক কৃষক। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


