জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।
পরে দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পুলিশের বাধার মুখেই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন ১১ দলীয় জোটের নেতারা। এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাইরে মোতায়েন করা হয়।
সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন কাজে সেখানে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।


