জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অছাত্রদের ক্যাম্পাস রাজনীতি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বিলাল হোসাইন।
তিনি বলেন, ছাত্ররাজনীতি নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে, তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থী ও নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই অগ্রাধিকার থাকা উচিত। অছাত্রদের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
গত ৪ আগস্ট ক্যাম্পাসে সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দিনভর সংঘর্ষ চললেও প্রক্টোরিয়াল বডি দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
হাসপাতালে একাধিকবার হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিলাল হোসাইন বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার। জনগণের করের টাকায় পরিচালিত এ প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


