অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্র জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, আবেদন করা চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগের জন্য বিবেচিত হবে।
চলচ্চিত্রটির মূল সংলাপ বা ডায়ালগ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। একই সঙ্গে চলচ্চিত্রে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।
অস্কারের জন্য বিবেচিত হতে চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। প্রদর্শন হতে হবে অন্তত টানা সাত দিন।
তবে প্রেক্ষাগৃহে বাণিজ্যিক মুক্তির আগে চলচ্চিত্রটি টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটসহ কোনো অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে প্রদর্শিত বা প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবে।
এ ছাড়া চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত অনলাইন ফরমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে। অ্যাকাডেমির নিয়মবহির্ভূত কোনো তথ্য পাওয়া গেলেও আবেদন বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অস্কারের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচনের বিষয়ে জুরি বোর্ডের সিদ্ধান্ত আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে জানানো হবে।


