ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাবের পানি পান করিয়ে এক শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুর ও মাগুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার আলকা দামোদর গ্রামের দুলাল হাওলাদার (৪০) ওরফে ‘মলম দুলাল’ ও মাগুরা সদর উপজেলার বোগিয়া গ্রামের তিলক খান (৪৪)।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুন যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছানোর আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডাবের পানি পান করতে দেন। পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় অজ্ঞানপার্টির সদস্যরা তার পরা স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ৩০ জুন কোটচাঁদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। পরে গাজীপুরের টঙ্গী থানা এলাকায় এবং মাগুরা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুলাল হাওলাদার ও তিলক খানকে গ্রেপ্তার করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাচুর রহমান বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অজ্ঞান পার্টির দুই সদস্যের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাজীপুর ও মাগুরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অজ্ঞান করে অপরাধ সংঘটনের একাধিক মামলা রয়েছে।


