নেপালে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে বুধবার থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে আসল কাজটা করে রেখেছিল বাংলাদেশ। এরপর চোখ ছিল দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্রের লড়াইয়ে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ডি/এল মেথডে যুক্তরাষ্ট্র ২১ রানে হারায় দুই ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতিদের সরাসরি বিশ্বকাপে খেলা। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কীর্তিপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে ১৩০ রানের লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে দুই উইকেট হারিয়ে ৯০ রান তোলে ডাচ নারীরা। এরপর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হলে ডি/এল মেথডে হিসেব দাঁড়ায় ৭০ রানের লক্ষ্য। কিন্তু খেলা বন্ধ হওয়ার আগে এর চেয়ে বেশি রান করায় ২১ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলে নেদারল্যান্ডস।
সুপার সিক্সে সমান তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশ-নেদারল্যান্ডস দুই দলেরই। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছেন জ্যোতিরাই। বাংলাদেশের পরের দুই ম্যাচ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই দুই ম্যাচে হারলেও কোনো ক্ষতি নেই বাংলাদেশের।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জোড়া ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তারের তোপ দাগানো স্পেলের সাথে রিতু মনি-স্বর্ণা আক্তারের স্পিন জাদুতে ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায় থাইল্যান্ড।
গ্রুপ পর্বের টানা চার জয়ের পর সুপার সিক্সেও টানা তিন জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ফিফটি করে ম্যাচ সেরা হওয়া সোবহানা মোস্তারি, বিসিবির পাঠানো এক ভিডিওতে বলেন, ‘আমরা টানা জয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছি। আরো দুটো ম্যাচ আছে। আমাদের মিশন এখনো শেষ হয়নি। আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে চাই। আমরা যখন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাব, আগের বিশ্বকাপের চেয়ে ভালো পারফর্ম করতে চাই।’


