ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নাই’, হুমকির ভিডিও ভাইরাল

ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নাই’, হুমকির ভিডিও ভাইরাল
নির্বাচনী প্রচারকালে হুমকিমূলক বক্তব্য দেন সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। গত শুক্রবার বিকাল ৪টার দিকে সোনারগাঁওয়ের ছোট সাদিপুর এলাকায় | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে হুমকিমূলক বক্তব্যের অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারকালে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

একই সঙ্গে ওই আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের একটি নির্বাচনী উঠান বৈঠকে অসুস্থ নারীকে টাকা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকাল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় নিজাম উদ্দিন হুমকিমূলক বক্তব্য দেন।

আরও পড়ুন

তার বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ধরতে পারব কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের পেছনে গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা ধানের শীষের ছায়াতলে আসেন। যদি নির্বাচনের পরে দেখি অন্য মার্কায় ভোট গেছে–কোনো রেহাই নাই।’

ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওর পর সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ওই আসনের কিছু ভোটাররা জানিয়েছেন, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে। অনেকে নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, ভাইরাল ভিডিওসহ হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad