চুয়াডাঙ্গা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এরিন বাদশা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার নূরনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার ভোরে নূরনগর গ্রামের সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে এরিন বাদশাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়ির পাশের একটি স্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটক এরিন বাদশার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।


