তামিলনাড়ু ভেটরি কাজাগামের (টিভিকে) প্রতিষ্ঠাতা ও দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা সি জোসেফ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে দ্য হিন্দু।
শনিবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করার পর রাজ্যপাল তাকে মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ জানান।
রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই নিয়োগের সঙ্গে একটি বিশেষ শর্ত রয়েছে–আগামী বুধবার বা তার আগে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
সংসদীয় ব্যবস্থা অনুযায়ী, এতে পাস না করতে পারলে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
গত সোমবার ঘোষিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
শনিবার রাজনৈতিক সমীকরণ বদলে যায় যখন বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন দেয়। তাদের মোট চারটি আসন যোগ হওয়ায় জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার সীমার চেয়ে বেশি।
এর আগে বিজয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দিয়েছিলেন।
এনডিটিভি জানিয়েছে, ভিসিকে’র পক্ষ থেকে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই এই সমর্থন দেওয়া হয়েছে।
নির্বাচনে থালাপতি বিজয় একাই দুটি আসনে জয়লাভ করেছেন। নিয়ম অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে।
রাজভবনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি টিভিকে লেজিসলেচার পার্টির নেতা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজ্যপালকে চিঠি দিয়েছেন।


