রাজধানীর রাজারবাগে দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজারবাগের মৌচাক ফ্লাইওভারের নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুম বিল্লাহ। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে চালক মারা যান।
মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান ও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালককে শনাক্ত ও গাড়িটি জব্দের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


