জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, বর্তমান সরকার তা থেকে সরে এসেঠে। সরকার এখন ‘সংস্কারফোবিয়া’য় ভুগছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি’ আয়োজিত “তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একসময় সমাজ ও রাষ্ট্রে ইসলামোফোবিয়ার কথা বলা হতো। এখন দেখা যাচ্ছে, সরকার সংস্কারফোবিয়ায় ভুগছে। তাদের বক্তব্যে ‘সংস্কার’ শব্দটির ব্যবহারও কমে গেছে। অথচ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কেন্দ্রে ছিল সংস্কারের বিষয়টি।’
সরকারের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, অতীতে উন্নয়নের নামে যেমন নির্বাচনকে গুরুত্বহীন করে দেখানো হয়েছিল, বর্তমানে তেমনি নির্বাচনকে সামনে এনে সংস্কারের প্রশ্নকে আড়ালে রাখা হচ্ছে।
সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে গঠিত বিভিন্ন কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাষ্ট্রে সংবাদমাধ্যম কতটা স্বাধীন, তা প্রশংসামূলক সংবাদ দেখে নয়; বরং সমালোচনামূলক মতামত প্রকাশের পর রাষ্ট্র ও সরকারের প্রতিক্রিয়া দেখে বিচার করা উচিত।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম হৃদয়।


