চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে জেলেদের নিয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে কোস্ট গার্ড।
রোববার সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সভায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড কর্মকর্তারা স্থানীয় জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং মৎস্য সম্পদ রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।


