চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে ভিপি ও দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন দুই প্রার্থী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন ভিপি পদপ্রার্থী সাঈদ মো. রেদোয়ান এবং দপ্তর সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসাইন সালমান।
সংবাদ সম্মেলনে শুরুতেই ২০১৯ সালের ৭ অক্টোবর নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন তারা।
লিখিত বক্তব্যে সাঈদ মো. রেদোয়ান বলেন, ‘স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গভীরভাবে উপলব্ধি করছি, ব্যক্তির চেয়ে দল কতখানি বড়।’
রেদোয়ানের ব্যালট নম্বর ছিল ২২।
তিনি বলেন, ‘ছাত্রদলের সঙ্গে আমার আত্মিক বন্ধন রয়েছে। আমি এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি। তাই, সংগঠন মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, আমি আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’
একই বক্তব্য সম্বলিত বক্তব্য পড়ে শোনান সাখাওয়াত হোসাইন সালমান। নিজের সমর্থন জানান ছাত্রদল মনোনীত দপ্তর সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলামকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই প্রার্থী জানালেন, দল থেকে কোনো চাপ নয়, বরং ব্যক্তিগত কারণে তারা নির্বাচন থেকে সরে এসেছেন। দীর্ঘদিন পর চাকসু নির্বাচনে দলের প্যানেলে তারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু প্যানেলে স্থান না পাওয়ায় তারা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তাদের প্যানেলের বাকিরা নির্বাচন করবে কিনা, সেটা যার যার নিজস্ব সিদ্ধান্ত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


