খুলনার মুজগুন্নি এলাকায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। রোববার সকালে এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, মুজগুন্নির দুই একর জমিতে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। ১৯৮৭ সালে ওই জমি লটারির মাধ্যমে ৪২ জন ক্রেতার কাছে প্লট আকারে বিক্রি করা হয়। দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও মালিকরা এখনো তাদের প্লট বুঝে পাননি।

রোববার সকালে দীর্ঘ প্রক্রিয়া শেষে প্লট মালিকদের জমি বুঝিয়ে দিতে গিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। তবে শুরু থেকেই বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া একটি বুলডোজার ভাঙচুর করেন স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা উচ্ছেদ হতে রাজি নন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে। সংঘর্ষে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন।


