অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
বনলতা সেন সিনেমার পোস্টার
Advertisement
Advertisement

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যসাধনা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

নির্মাণশৈলী, চিত্রায়ণ, সংলাপ ও অভিনয়ের জন্য আলোচিত এই চলচ্চিত্রটি আগামী ২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে। পরিবেশনা প্রতিষ্ঠান পথ প্রডাকশনের উদ্যোগে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে একযোগে প্রদর্শিত হবে ছবিটি।

দেশে মুক্তির এক মাসের মাথায় প্রবাসী দর্শকদের জন্য এ সুখবর জানান চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা পুরো দলকে উৎসাহিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে ছবিটি প্রদর্শনের অনুরোধ আসছিল। সেই আগ্রহের ভিত্তিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই প্রেক্ষাগৃহের তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে দিতে চান তাঁরা।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে চলচ্চিত্রটির প্রদর্শনী চলছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad