দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বন্দর কিংবা দেশের জন্য যেটি মঙ্গলজনক ও কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটিকেই সমর্থন করে।’ সবাইকে দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।’
উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, ’দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।’ যে বিষয়কে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


