রাজিবের বদলে আজিজুলের কারাভোগ

রাজিবের বদলে আজিজুলের কারাভোগ
Advertisement
Advertisement

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাজিব নামে এক আসামির বদলে আজিজুল হক নামে অন্য একজন কারাভোগ করছিলেন। অনলাইন ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট মিল না থাকায় জিজ্ঞাসাবাদে আজিজুল স্বীকার করেন, টাকার বিনিময়ে তিনি রাজিবের পরিবর্তে জেল খাটছিলেন।

সোমবার কারা কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাজতি নম্বর ১৮১০/২৬ মো. রাজিব (২৬), পিতা মো. রজব আলী চৌকদার, সাং আড়িয়া, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ–গাজীপুরের টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পরে ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হলে অনলাইন ডাটাবেজের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় বন্দীর পরিচয় মো. আজিজুল হক, পিতা বাচ্চু মিয়া, সাং কুড়িমারা, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ হিসেবে শনাক্ত হয়।

পরিচয়ে গরমিল পাওয়ায় জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, লোভে পড়ে টাকার বিনিময়ে তিনি রাজিবের বদলে কারাভোগে এসেছেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ টাইমসকে বলেন, ১ ফেব্রুয়ারি বিষয়টি আদালতকে জানানো হয়েছে এবং আজিজুলের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর