চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি লড়াইয়ে নামছে গত আসরের রানার আপ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রথমবার গ্রুপ পর্বের দেখা হলেও বুধবার নামছে সেমিফাইনালে। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। জয়ী দল সোজা জায়গা করে নেবে ফাইনালে।
গ্রুপ পর্ব থেকেই দারুণ ছন্দে আছে প্রোটিয়ারা। সুপার এইটে উঠেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। একে একে হারায় কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে। সুপার এইটেও জিতেছে সব কয়টি ম্যাচ, তাদের কাছে হেরেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সব মিলিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা।
অধিনায়ক এইডেন মার্করাম আছেন দুর্দান্ত ছন্দে। কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবসরা নিজেদের দিনে যেকোনো বোলিং অ্যাটাকের বিপক্ষে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। স্পিনার কেশব মহারাজের বাঁহাতি স্পিনের সাথে নতুন বলে লুঙ্গি এনগিদি গড়ে দিতে পারেন পার্থক্য।
ডি গ্রুপ থেকে রানার আপ হয়ে সুপার এইটে আসে নিউজিল্যান্ড। সেমিতে ওঠার দৌড়ে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। শ্রীলংকার বিপক্ষে জিতলেও বিপদ বাড়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায়। যদিও নেট রান রেটে এগিয়ে থাকায় শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ৫ রানের জয়ের পরেও প্রথম সেমিফাইনালে জায়গা করে নেয় কিউইরা।
ব্ল্যাক ক্যাপসদের শক্তির মূল জায়গা মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসদের মতো অলরাউন্ডাররা। এর সাথে শুরুতে টম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংও শক্তির জায়গা। পাওয়ারপ্লে আর ডেথ ওভারে ম্যাট হেনরির বোলিংও যোগাবে স্বস্তি।


