জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকগুলো হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে; যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা; ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি; তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি; পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।
বাংলাদেশ সফররত এসব প্রতিনিধি পৃথকভাবে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।


