রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।
সোমবার রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সিলেটে জামায়াত আমির শফিকুর রহমানের ‘বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠছে’-এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির সাহেব কী বলেছেন এটা তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি যে, আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।’
জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেট সেইভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামের আমির সাহেব ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন। আর ওনারা গণতান্ত্রিক দল কিনা-সেটা নিজেরা বিবেচনা করবেন।’
স্থানীয় সরকার নির্বাচন এবং এর আইন সংশোধনের প্রস্তাব ও সুপারিশের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এক্ষেত্রে আমাদের করার কিছু নাই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এটা তো আগেই বলেছি আমরা, এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে এই নির্বাচন হবে।’
উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করেন যেন এই পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়ন আমরা করতে পারি। আর রংপুরে যারা ব্যবসা-বাণিজ্য করেন, তাদের অনুরোধ করব শুধুমাত্র ওই ঠিকাদারির পেছনে না ছুটে বিনিয়োগের চেষ্টা করেন। এখন বিনিয়োগের শ্রেষ্ঠ সময়।’
পরে মির্জা ফখরুল সেখানে বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতারা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-আরপিডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, ডিসি মোহাম্মদ রুহুল আমিন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।


