জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সংকট নিরসনে পর্যাপ্ত সংখ্যক অটোরিকশা চালুর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) পরিবহন সম্পাদক তানভীর রহমান।
আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একই সঙ্গে পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অটোরিকশার লাইসেন্স প্রদানকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা বাণিজ্যিক কর্মকাণ্ড হয়ে থাকলে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব দাবি ও হুঁশিয়ারি দেন তানভীর রহমান। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন ব্যবস্থার নানা সীমাবদ্ধতা এবং এর কারণে শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তির কথা তুলে ধরেন।
ভিডিও বার্তায় তানভীর রহমান বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে জাকসু শুরু থেকেই কাজ করে আসছে। তবে প্রশাসনিক জটিলতা, সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব এবং দীর্ঘসূত্রতার কারণে প্রয়োজনীয় উদ্যোগগুলো কার্যকরভাবে এগোচ্ছে না। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক শিক্ষার্থী পরিবহনসংকটে পড়ছেন।
তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে পর্যাপ্ত অটোরিকশা চালু করা প্রয়োজন। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতির কারণে এ সমস্যা দীর্ঘায়িত হচ্ছে।
পরিবহন ব্যবস্থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে জাকসুর এই প্রতিনিধি বলেন, অটোরিকশার লাইসেন্স বা সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


