ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে।
বৃহস্পতিবার বিকালে গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র লুট হওয়ার কথাও বলেছেন তিনি।
নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। তার স্কুল পড়ুয়া দুটি ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঘটনার সময় ওই নারী বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মির্জা তারেক আহমেদ বেগ বললেন, বিকাল ৩টার পর গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা।
নিহতের মেয়ে হাসিন তানুর ভাষ্য, বেলা সাড়ে ৩টায় স্কুল থেকে বাসায় ফিরে দেখি জানালার গ্রিল কাটা। মা বিছানায় শুয়ে আছেন। মুখের ওপর একটি বালিশ দেওয়া। ডাকাডাকি করার পর না উঠায় তার শরীর ধরে দেখি অনেক ঠান্ডা। তখন দৌড়ে আবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানাই। তিনি বাবাকে ফোনে জানান। বাবা পুলিশকে খবর দেয়।
সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত এবং ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।


