খুলনা নর্থ ওয়েস্টান ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) খুলনা এসআরবি-৬।
এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতা নিয়ে অভিযানটি পরিচালনা করে এসআরবি-৬’র স্পেশাল কোম্পানি।
এসআরবি খুলনা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আসামির নাম শেখ আসিফ হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি গ্রামে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাতে আজমুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


