গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাছের ড্রামবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

পুলিশ জানায়, ধীরাশ্রম এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও ট্রাক জব্দ করেছে। ট্রাকচালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad