দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে দাঁড়িয়েছে ২০১ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৩৫ জন (৬০.৮%) এবং নারী ৭৩৩ জন (৩৯.২%)।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৭৯ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশাল বিভাগে ১৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৯৯৬ জন (৬২.৬%) এবং নারী ২৫ হাজার ১৩০ জন (৩৭.৪%)।
মোট মৃতদের মধ্যে পুরুষ ৯৬ জন (৪৮.০%) এবং নারী ১০৪ জন (৫২.০%)। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬২ হাজার ১১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


