স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, এক ঘণ্টা পর ফিরে তোপের মুখে

স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, এক ঘণ্টা পর ফিরে তোপের মুখে
ট্রেন থামিয়ে ট্রেনের চালক নিখোঁজ থাকায় স্টেশনে যাত্রীদের ভোগান্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস দাঁড় করিয়ে রেখে প্রায় এক ঘণ্টা নিখোঁজ ছিলেন ট্রেনের চালক। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং স্টেশনে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস বিকাল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী ট্রেনটির সেখানে দুই মিনিট যাত্রাবিরতির কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও ট্রেন ছেড়ে যায়নি।

স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, পরে চালকের কেবিনে গিয়ে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ এবং ইঞ্জিন বন্ধ অবস্থায় রয়েছে। এরপর চালককে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় এক ঘণ্টা সাত মিনিট পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক মাহবুবুর রহমান ফিরে এসে ট্রেন নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। নিখোঁজ থাকার কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দ্রুত ট্রেন চালিয়ে চলে যান।

ট্রেনের গার্ড শফিকুল ইসলাম বলেন, ট্রেনটির লাইন ক্লিয়ার ছিল। কিন্তু চালক ট্রেন ছেড়ে চলে যাওয়ায় যাত্রা বিলম্বিত হয়। তিনি কেন ট্রেন রেখে চলে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

আরও পড়ুন

ঘটনায় ট্রেনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে স্টেশনে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও অন্য কর্মচারীরা সাময়িকভাবে সরে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যাত্রী সানাউল্লাহ মিয়া বলেন, ‘শুক্রবার রাজশাহীতে বিএসসি পরীক্ষা। পরীক্ষা দিতে খুলনা থেকে ট্রেনে উঠেছি। মোবারকগঞ্জ স্টেশনে এসে চালক ট্রেন রেখে চলে যান। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা আমরা জানি না।’

স্থানীয়দের ধারণা, চালকদের দাবি-দাওয়া আদায়ের অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad