ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে রাখা হয়।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে পালকী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে পালকী পরিবহনের চালকের সহকারী ও হানিফ পরিবহনের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ১০ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চাকা পাংচার হলে পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি সামনে থাকা বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’


