জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষণের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষণের উদ্যোগ
Advertisement
Advertisement

যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতায় গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রমবাজার ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের অধিকতর দক্ষ হিসেবে প্রমাণ করতে দেশব্যাপী অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে যাচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা, বিশেষ করে ইংরেজি, মান্দারিন, জাপানিসহ অন্যান্য ভাষায় নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত ভাষাচর্চা ও স্পিকিং সেশন ছাড়াও পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সরাসরি পাঠদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগও থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেই কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগে ইতিবাচক প্রভাব ফেলবে।

ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর পিছনে নিজের লক্ষ্য ও স্বপ্নের কথা উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহ বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সময় শুধু ভাষার দক্ষতার অভাবে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ে। কলেজ পর্যায়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদের ভেতরের জড়তা ও ভয় দূর করা, যাতে তারা সাবলীলভাবে ইংরেজি বা অন্য কোনো একটি তৃতীয় ভাষায় কথা বলতে এবং ভাব প্রকাশ করতে পারে।’

‘আমরা চাই আমাদের প্রতিটি কলেজ থেকে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা যেকোনো বৈশ্বিক পরিবেশে নিজেদের আত্মবিশ্বাসী ও সফলভাবে উপস্থাপন করতে পারবে,’ যোগ করেন তিনি।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট সবাই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার্থীরা, যারা সাধারণত ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ পায় না, এই ক্লাবগুলো তাদের ভাষিক দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

চতুর্থ শিল্পবিপ্লব ও বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে ভাষাগত দক্ষতা একটি অপরিহার্য যোগ্যতা। কলেজ পর্যায় থেকেই এ ধরনের কার্যক্রম চালু করার ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে ঢাকা মহানগরের কলেজসমূহকে যুক্ত করে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।

এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad