চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব হস্তান্তরের প্রতিবাদে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকালে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের প্রচারিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে দূর থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অবিলম্বে স্বপদে পুনর্বহাল করতে হবে।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থার দ্রুত সমাধান হোক। আমাদের শিক্ষাজীবন যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আমরা আন্দোলন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।’
এর আগে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করার কারণে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম। গত ৯ অক্টোবর ই-মেইল বার্তার মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম।


