২৬ বছর পর ইকবালের ভবন ছাড়ছে প্রিমিয়ার ব্যাংক

২৬ বছর পর ইকবালের ভবন ছাড়ছে প্রিমিয়ার ব্যাংক
Advertisement
Advertisement

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচবিএম ইকবালের মালিকানাধীন ইকবাল সেন্টার থেকে ২৬ বছর পর প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কের ইকবাল সেন্টার থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্যাংকটি আগামী ৩ আগস্ট থেকে তেজগাঁওয়ের শান্তা পিনাকল ভবনে নতুন প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

নতুন প্রধান কার্যালয় হবে তেজগাঁওয়ের ১৯০, বীর উত্তম মীর শওকত সড়ক অবস্থিত শান্তা পিনাকল ভবনের ৩২তম তলা। ইতিমধ্যে ইকবাল সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত প্রধান কার্যালয়ের সব কার্যক্রম সেখানে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

১৯৯৯ সালের জুনে ব্যাংকটির লাইসেন্স অনুমোদনের সময় থেকেই প্রধান কার্যালয় ছিল ইকবাল সেন্টারে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল ভবনটির মালিক।

ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তিনি টানা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তাকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে হয়।

বর্তমানে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রিমিয়ার ব্যাংকেও বিশেষ ফরেনসিক নিরীক্ষা চলছে। ব্যাংকটি সেই ডজনখানেক বেসরকারি ব্যাংকের একটি, যেখানে বিশেষ নিরীক্ষা পরিচালিত হচ্ছে।

২২ তলা ইকবাল সেন্টারের উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা কার্যালয়ের জন্য ভাড়া দেওয়া ছিল। প্রধান কার্যালয় স্থানান্তরের মাধ্যমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মালিকানাধীন ভবনের সঙ্গে ব্যাংকটির দীর্ঘ ২৬ বছরের সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad