ভুয়া বিল তৈরি, সমন জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুষ্টিয়া জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পঞ্চগড় জেলা কারাগারে কর্মকালীন ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন মো. আব্দুল ফাত্তাহ। জেল সুপার ও হিসাবরক্ষণ অফিসের কর্মচারীদের সঙ্গে যোগসাজশে খোরাকী রেশন খাত থেকে এই টাকা সরিয়ে নেওয়া হয়।
পরবর্তী সময়ে তদন্তে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতার’ প্রমাণ মেলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন আদালতের সমন ও সাক্ষ্য দিয়ে সার্টিফিকেট জালিয়াতি করে আসছিলেন। আদালতে উপস্থিত না হয়েও ভুয়া বিল দাখিল করে টাকা তুলে নেন তিনি।
এছাড়া প্রাধিকারভুক্ত না হয়েও গত ২৩ বছরে বিমানের ভুয়া ভ্রমণ বিল দেখিয়ে সরকারি কোষাগার থেকে ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা আত্মসাৎ করেছেন দুলাল। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় তাঁকে ‘চাকরি থেকে বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে।


